আনিসুর রহমান
তৌফিক ইমরোজ খালিদী
উপসালা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু আর্জেন্টিনার তরুণ অলেখো অরলান্ডো আলানিজকে সেপ্টেম্বরের এক তারিখ গত শুক্রবার আলাপচারিতার এক পর্যায়ে বলেছিলাম, তোমাদের কবি হোর্হে লুইহে বোর্হেস আমাদের দেশে বহুল অনূদিত পঠিত ও সমাদৃত। ওর মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল, ও একটু নড়েচড়ে বসল। আমি তৎক্ষণাৎ গুগলে bdnews24.com আর বোর্হেস লিখে খোঁজা শুরু করি। কেননা আমাদের দেশের কবি অনুবাদক রাজু আলাউদ্দিনের কল্যাণে বোর্হেসের বেশকিছু লেখার অনুবাদ এবং তার জীবন ও কর্ম নিয়ে অনেকগুলো লেখা আমি bdnews24.com এর আর্টস বিভাগে পড়েছিলাম।
কিন্তু বিধিবাম! আমার মাথায় হাত। না bdnews24.com ঢুকতে পারলাম না, না কম্পিউটার থেকে, না মোবাইল থেকে। আমাদের অফিসের প্রযুক্তি বিশেষজ্ঞের দ্বারস্থ হই। তিনিও ব্যর্থ হলেন। তিনি বিষয়টি ঘেটে দেখবেন আর আমাকে বললেন আপনি এই সাইটের ব্যবস্থাপনা দলের সঙ্গে যোগাযোগ করুন। পরে জানতে পারলাম, এই সমস্যা কেবল আমার একার নয়. দেশে, দেশের বাইরে, দুনিয়ার কোনো প্রান্ত থেকেই bdnews24.com এ ঢোকা যাচ্ছে না।
একপর্যায়ে জানতে পারলাম আমার মত ধাক্কা খেয়েছেন দুনিয়ার নানা প্রান্তের লক্ষ লক্ষ পাঠক।
এরপর bdnews24.com এর ফেইসবুক পাতায় নিম্নোক্ত নোটিশটি দেখতে পেলাম: ’আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে।’
এই খবরটি পরে আমার ভেতরের যে অনুভূতি তা বলতে ঠিক অনেকটা এরকম: আমরা কোনো ভয়ঙ্কর মরণব্যাধিতে আক্রান্ত কিংবা দুর্ঘটনার কবলে পড়া আত্মীয় বা বন্ধু কিংবা দেশ ও সমাজের আপনজনের হাসপাতালে ভর্তির পর চিকিসসকের বরাতে খবর ছাপা হয়েছে, ‘. . . তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকদল প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোগীকে সুস্থ করে তুলতে।’
মনে পড়ছে ২০০৪ সালে হুমায়ুন আজাদ মৌলবাদী সন্ত্রাসীদের চাপাতির আঘাতে রক্তাত দেহ নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে এরকম পাঞ্জা লড়ছিলেন। প্রগতির পক্ষে দেশের ও দেশের বাইরের সকলেই সেদিন কায়মনোবাক্যে কামনা করেছিলাম হুমায়ুন আজাদ যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে আসেন। সেই যাত্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি জিতে ফিরেছিলেন। bdnews24.com ভূতের সঙ্গে পাঞ্জা লড়ে জিতে ফিরে আসুক। এই সাইট অবিলম্বে চালু হোক।
পত্রিকাটি কয়েক বছর ধরে মামলা হুমকি ধামকির মধ্যেই টিকে থাকার লড়াই করে আসছিল। দৃশ্যের অদৃশ্যের নানা শক্তিবলয়ের কেউ কেউ বিরাগভাজন হয়ে থাকতে পারেন। বিরাগভাজন হবার কারণ একটাই ‘সৎ পেশাদারি সাংবাদিকতা’ কথাটা বলা সহজ বিশ্বরাজনীতির বাস্তবতবতায় ততটা কঠিন। দেশের কিছু কিছু গণমাধ্যম নিজেদের সুবিধার্থে যখন ‘কুত্তা পোষার’ ভূমিকায় অবতীর্ণ হয় সময় ও সুযোগ বুঝে, bdnews24.com তখন সত্যরে লইয়াছিল খুব সহজে। সেই সহজ সাধনাই তাদের জন্যে কঠিন হয়ে দেখা দিয়ে যাচ্ছে বারে বারে। ঘাড়ের উপর মামলা, আর্থিক লেনদেনের উপর হস্তক্ষেপ, বিনিয়োগের টুঁটিচেপে ধরা, পদে পদে হুমকির মধ্যে টিকে থাকা বলতে যা বোঝায় এরকম অবস্থার মধ্য দিয়েই যেতে হচ্ছিল bdnews24.comকে ।
আমি দৃঢ়তার সঙ্গে বলে রাখতে চাই, ডিজিটাল বিপ্লবের জামানায় দুনিয়ার আর কোন দেশে এরকম একটি পেশাধারী ‘সংবাদমাধ্যম’ রয়েছে কি না আমার জানা নাই। আমি স্পষ্ট করে বলি, কেবল তৌফিক ইমরোজ খালিদী নয় দেশের মূল ধারার সকল পত্রিকা আর দূরদর্শনের সম্পাদক বা প্রধান নির্বাহীদের সম্পদের হিসেব এক সঙ্গে করে জনসমক্ষে প্রকাশ করলে পরিস্কার হবে তৌফিক ইমরোজ খালিদী পেশাদারির কোন কষ্টিপাথরে যাচাই করা।
bdnews24.com এর এই অবস্থা দেখে আমার আরো একটি মন খারাপের ঘটনা মনে পড়ছে। বিএনপি জামাত ক্ষমতায় আসার পর ২০০২ সালে একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে টেলিভিশনটির মূল রূপকার সাইমন ড্রিংকে ভিসা বাতিল করে দেশ থেকে বের করে দেয়া হয়।
এদেশের টেলিভিশন সাংবাদিকতার এই সময়ের বিকাশমান ধারার অনুকরণীয় এবং পথনির্দেশক হিসেবে একুশে টেলিভিশনের নাম নিতে হবে। একইভাবে দেশের অনলাইন সংবাদমাধ্যমের পথিকৃৎ bdnews24.com ।
দেশে অনলাইন পোর্টাল সব কাগজেরই আছে, এমন কি কেবল অনলাইন পোর্টাল হিসেবেই প্রথম কাতারের কয়েকটি সাইট রয়েছে। তবে সংবাদ বৈচিত্র্য শিল্প সাহিত্য ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি ফিচার বিশ্লেষণ সব মিলিয়ে bdnews24.com অতুলনীয়। এটি অতুলনীয় অন্য আরো একটি অদম্য কারণে, তা হচ্ছে পেশাদারিত্ব। যে কারণে কী দেশের কিংবা বিদেশের বিশ্বাসযোগ্যতার জায়গাটি bdnews24.com অর্জন করতে পেরেছে। বিদেশী অতিথি কিংবা কূটনীতিকদের অনেকেই bdnews24.com দেখে দিন শুরু করেন।
যে কারণে বড় কোনো চোরের চৌর্যবৃত্তির সামান্য খবর এখানে ছাপা হলে চোরের ঘুম হারাম। আবার কোনো সাধুর সততার খবরও এখানে ছাপা হলে তা যেন একটা মানদণ্ড হিসেবে গ্রহণযোগ্যতা পায়। এ সত্যটা বুঝে ফেলার পর কিছু কিছু তেলবাজ লেখক যেমন এখানে তেলবাজি করার তৎপরতা চালাতে চেয়েছেন তেমনিভাবে অদৃশ্যের কিছু ধান্দাবাজ চক্রের খপ্পরও bdnews24.com এর উপর পড়ে থাকতে পারে।
যতটুকু ধারণা করতে পেরেছি bdnews24.com টিকে আছে এখানকার সৎ ও পেশাদারি নেতৃত্ব এবং সৎ নিবেদিত পেশাদার একদল কর্মীর জন্যে। আমি কায়মনোবাক্যে আশা করব এই একটি কারণেই মাধ্যমটি টিকে যাবে, সঙ্কট কাটিয়ে উঠবে, হ্যাকার বা ভূত যার খপ্পরই এর উপর থাকুক, সকল খপ্পর থেকে বেরিয়ে আসবে। এই হ্যাকার বা ভূতের খপ্পর জয়ী হলে পরাজয় হবে মুক্তিযুদ্ধের চেতনার আলোকসঞ্চারী মুক্তবুদ্ধির পেশাদারি চর্চার শেষ জায়গাটিও। ভূতের খপ্পরের কাছে bdnews24.com পরাস্ত হলে, হেরে যাব আমি আপনি এই প্রজন্ম — সর্বোপরি দেশ ও জাতি।
মানুষের চেয়ে বড় কোনো শক্তি নাই। bdnews24.com এর উপর যতই ভূতের আছড় পড়ুক, এর প্রতি রয়েছে মানুষের অনুরাগ। মানুষের ভালোবাসার কারণেই এটি টিকে যাবে। মানুষের ভালোবাসার শক্তির থেকে ভূতের খপ্পর বড় হতে পারে না। মানুষের ভালোবাসার জোরে আর কর্মীবাহিনীর দৃঢ়তায় ভর করে bdnews24.com টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম ধরে।
পরিশেষে ১৯৬৯ সালে রচিত শামসুর রাহমানের কবিতা ‘আসাদের শার্ট’ থেকে কয়েকটি পংক্তি উদ্ধৃত করতে চাই:
‘আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা ।’
চারদিকে নানা লোভ লালসা আর দুইনম্বরিতে জর্জরিত অস্থির সময়ে bdnews24.com এই প্রজন্মের, আমাদের দেশের গণমাধ্যমের প্রাণের পতাকা। ভূতের খপ্পর থেকে বেরিয়ে আসবেই প্রজন্মের অনুপ্রেরণা bdnews24.com। #
আনিসুর রহমান, বাঙালি-সুইডিশ কবি ও নাট্যকার, সুইডিশ রাইটার্স ইউনিয়নের পরিচালনা বোর্ডের সদস্য।
