— আনিসুর রহমান
বাবা আমার হারায় গেলো রাতে অন্ধকারে;
কতকাল মায়েরে খুঁজি বস্তির ঘরে ঘরে;
মায়েও কি মিলাই গেলো আমায় ছেড়েছুড়ে?
দিন কাটে রাত কাটে ফুটপাতে বিছানা করে।
আমার এহন দিন চলে খালি পেটে ঘুরে।
দিন কাটে এহান ওহান ফুল বিক্রি করে।
স্কুল গেটে এলেন স্যারে ছেলের হাতটি ধরে।
‘একটা ফুল নেন ‘, আগাই গিয়া কলাম তারে।
স্যারে কয়, ‘ মিঠুন, এখন থাকস কোথায়?’
‘ও স্যার, আপনি আমার বাপরে ধরিছিলেন —
বাবার পিছু ছুটলেন মা, তারা এহন কই?’
স্যারে কয়, ‘ওরা তো ক্রসফায়ারে চলে গেছে। ‘
ও স্যার, আপনার পায়ে পড়ি, এই নেন, সব নেন ;
আপনার ছেলের জন্যে আমার বেবাক ফুল।
আপনি ফুল বিক্রির সব টাকা নিয়ে নেন ।
মোরে ক্রসফায়ারে ওঁদের কাছে পাঠায় দেন। #
ছবির সূত্র: ফুল বিক্রেতা শিশু মরিয়মের ‘নীরব কান্না’ (jagonews24.com)